বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল ওয়াদুদ সাইয়ান নামে এক পর্যটক দুপুর ১টার দিকে লামা উপজেলার সাদা পাহাড় এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এসময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন সাইয়ান। পরে স্থানীয়রা পাশপাশে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে লামার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক সাইয়ানকে উদ্ধার করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, লামার সাদা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এলাকাটি দুর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী টিম ফিরে আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
জেলা প্রতিনিধি 



















