গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারে একটি বেসরকারি হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করানোর সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাত চারটার দিকে মনিপুর বাজারে অবস্থিত ইবনে সিনা মডেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের বাসিন্দা আকলিমা আক্তার আখি (২৫) ভোররাতে অসহ্য প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
অভিযোগ রয়েছে, সে সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ অবস্থায় এক নার্স নিজে ডেলিভারি করান। ডেলিভারির সময় নবজাতকটি মৃত অবস্থায় জন্ম নেয়।
নবজাতকটি ছিল আকলিমা আক্তার আখি ও তাঁর স্বামী শামীমের প্রথম সন্তান। শামীম স্থানীয় একটি ওয়ার্কশপে চাকরি করেন। প্রথম সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা ও পরিবারের সদস্যরা।
আকলিমার বড় ভাই রানা বলেন, রাতের দিকে তাঁর বোনের প্রসব বেদনা শুরু হলে ব্যথা বেড়ে যাওয়ায় তাঁরা দ্রুত মনিপুর বাজারের ইবনে সিনা মডেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল এসে কে চিকিৎসক এবং কে নার্স তা বোঝার আগেই কর্তৃপক্ষ জানান, গর্ভের সন্তান জীবিত রয়েছে।
রানা অভিযোগ করে বলেন, যে নার্স ছিলেন তিনি নিজেকে ডাক্তার দাবি করে ডেলিভারি করান। কিন্তু ডেলিভারির সময় বাচ্চাটি মৃত অবস্থায় জন্ম নেয়। পরে তারা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
এ ঘটনার বিষয়ে ইবনে সিনা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব বলেন, ডেলিভারি করার পর বাচ্চা মৃত অবস্থায় বের হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। জরুরি সময়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসক না থাকলে নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারি করানো হয়। জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকলেও জরুরি রোগী ভর্তি করে ঝুঁকিপূর্ণ সেবা দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 





















