ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জেলার ৪টি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালটে ভোট প্রদান করবেন। একটি সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং অপরটি গোলাপী ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে।
জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সাতক্ষীরায় ৬০৯টি ভোটকেন্দ্রের জন্য মোট ৩ হাজার ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি এবং নারী ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালটসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিয়মিত টহল টিম কাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে যানচলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরো জানান,, প্রতিটি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে চৌহদ্দি নির্ধারণের কাজ শেষ হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
সাতক্ষীরা প্রতিনিধি 





















