ফেনী সদর উপজেলায় এক যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দাবি, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি তার খামারে এনে রাখা হয়েছিল বলে স্থানীয়দের ধারণা। ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত পিস্তলসহ অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মুস্তাফা মুহিত. ফেনী: 





















