সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ি এলাকায় অবস্থিত আম্বিয়া খাতুন আদর্শ বিদ্যালয় ইতোমধ্যেই শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে গ্রামীণ জনপদে। শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটি বিদ্যালয় নয়, বরং একটি আশার আলো – যেখানে প্রতিনিয়ত গড়ে উঠছে ভবিষ্যতের কর্ণধার।
এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নাম বৃষ্টি আক্তার। কেজি শ্রেণি থেকেই যিনি তার মেধা, শৃঙ্খলা এবং নিয়মিত উপস্থিতির মাধ্যমে সকলের নজর কেড়েছেন। বৃষ্টি শুধু ভালো রেজাল্টই করেননি, শিক্ষক-শিক্ষিকাদের আস্থা অর্জন করেছেন তার বিনয়, আচরণ ও নিষ্ঠার মাধ্যমে।
সম্প্রতি বৃষ্টি আক্তার কেজি শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছেন এবং তার ফলাফলে খুশি পুরো বিদ্যালয় পরিবার। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বৃষ্টি আক্তারের মতো শিক্ষার্থীরা একটি বিদ্যালয়ের গর্ব এবং সমাজের ভবিষ্যৎ সম্পদ। তার এই সাফল্যে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বৃষ্টি আক্তার অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। ওর মতো শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
বৃষ্টির মা-বাবাও আনন্দে অভিভূত। তারা বলেন, “আমরা গরিব মানুষ, কিন্তু চাই মেয়েটা পড়ালেখা করে মানুষ হোক। বৃষ্টির এই ফলাফল আমাদের আশা জাগিয়েছে।”
একইসাথে বিদ্যালয়ের পক্ষ থেকে বৃষ্টিকে উৎসাহ দিতে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখার মূল উদ্দেশ্য শুধুই একটি নয় — গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সমাজের সামনে তুলে ধরা। বৃষ্টি আক্তারের মত হাজারো শিশুর মাঝে যদি জেগে ওঠে এমন আগ্রহ ও নিষ্ঠা, তবে শিক্ষিত জাতি গঠনের স্বপ্ন বাস্তবে রূপ পাবে।
মো: রিমন শিকদার, স্টাফ রিপোর্টার 





















