নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গণসংযোগে যাওয়ার পথে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে একটি গণসংযোগ মিছিল ওই এলাকায় পৌঁছালে হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী হামলা চালায়।
হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮), নজরুল ইসলাম সাগর এবং জাতীয় নাগরিক পার্টির জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহ আহত হন।
আহতদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত এনসিপি কর্মী জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 




















