দেশে গত ১৬ বছরে গুম-খুনের পুনরাবৃত্তি রোধে আসন্ন ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশালের বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে এ আহ্বান জানান।
আলী রীয়াজ বলেন, “বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, এ জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, “মতের পার্থক্য থাকতেই পারে, তবে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে। জয়যুক্ত না হলে খুনি-মাফিয়া-ফ্যাসিস্টরা আবার ফিরে আসতে পারে। তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দেশের অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।”
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী।
নিজস্ব প্রতিবেদক 

























