জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ডিজিটাল পদ্ধতির বদলে সনাতন পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’। ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কারিগরি ত্রুটি ও স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যালট পেপার হাতে গণনার আহ্বান জানিয়েছেন তারা।
নির্বাচনের ঠিক আগের দিন সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘‘ওএমআর মেশিনে নানাবিধ ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আমরা মেশিনের বদলে স্বচ্ছতার স্বার্থে হাতে ভোট গণনার দাবি জানাচ্ছি।’’ এ সময় সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রযুক্তির ওপরই আস্থা রাখছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘‘জকসু নির্বাচনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ওএমআর মেশিনের মাধ্যমেই শতভাগ স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা সম্ভব হবে।’’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে গত ৩০ ডিসেম্বরের নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে (কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ও হল সংসদের জন্য ১টি)। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নিজস্ব প্রতিবেদক 






















