ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যা মামলাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য হলো, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।’’
ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সভার শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি মামলার অগ্রগতির বিষয়ে জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে। তদন্তকারী সংস্থাগুলো এ লক্ষ্যে শেষ মুহূর্তের কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক 























