সৌন্দর্য আর অভিনয় গুণে সীমানা পেরিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আবারও সংবাদের শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা নাটক নয়, তার ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন নিয়ে সরগরম শোবিজ অঙ্গন। নতুন বছরের শুরুতেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
সম্প্রতি এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ইনস্টাগ্রামে হানিয়ার একটি মন্তব্য। তার একটি ছবির নিচে এক কৌতূহলী ভক্ত সরাসরি জানতে চান, ‘‘আপনার বিয়ের গুঞ্জন শুনছি, এটা কি সত্যি?’’ ভক্তের এই প্রশ্নের এড়িয়ে না গিয়ে বেশ মজা করেই উত্তর দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘আমিও তো শুনছি।’’ হানিয়ার এমন ছোট অথচ রহস্যঘেরা উত্তর নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, ধোঁয়া যখন উঠেছে, তখন আগুন কিছু তো আছেই।
বিয়ের আলোচনার সঙ্গে অবধারিতভাবেই উঠে আসছে হানিয়ার সাবেক প্রেমিক ও পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালে আসিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। নেটিজেনদের একাংশের ধারণা, পুরোনো মান-অভিমান ভুলে হয়তো আবারও এক হতে চলেছেন এই জুটি। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। সদ্য বিদায়ী বছরটি তার ক্যারিয়ারের জন্য বেশ সাফল্যমণ্ডিত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার বিষয়, ভক্তদের জল্পনা সত্যি করে ২০২৬ সালেই হানিয়া ‘কবুল’ বলেন কি না।
বিনোদন ডেস্ক 

























