লংগদুতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) তিনটায় বাড়ির পাশে নিজের জমির ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।
মৃত গৃহবধূ তানজিনা আক্তার (২০) রাঙামাটি লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া জামালপুর টিলার বাসিন্দা হৃদয় হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুর থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি উপেক্ষা করে তানজিনা আক্তার নিজের জমিতে ধান কাঁটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তানজিনা আক্তার গুরুতর আহত হলে দ্রুত রাবেতা ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
আরোও জানা যায় তানজিনা আক্তারের বিয়ে হয়েছে তিন মাস যাবৎ। তার বাবার বাড়ি রাঙামাটি কাউখালি উপজেলায়।
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি 

























