চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন হাজিগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাফিউর রহমান।
১৩ মে মঙ্গলবার রাত ৮ ঘটিকায় বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেঃ জাবেদ হাসান জানান,
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অদ্য ১৩ মে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে ১টি ৭.৬২ মিঃ মিঃ চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), ১টি স্থানীয়ভাবে তৈরী ৭.৬২ মিঃ মিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শ্যামল সরকার, চাঁদপুর প্রতিনিধি 

























