খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে সমিতির প্রথম প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’।
রবিবার, ১১ মে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে পারছে। তাঁদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং বাস্তবধর্মী সমস্যাগুলো গণমাধ্যমে উঠে আসছে, যা ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।”
তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির অগ্রগতির কারণে সাংবাদিকতা এখন অনেক সহজ হয়েছে, তবে সেই সঙ্গে দায়িত্বশীলতার গুরুত্বও বেড়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই এবং সতর্কতা অবলম্বন করতে হবে।” নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য খুবিসাসের গঠনমূলক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “সাংবাদিকতা হচ্ছে সত্যের অনুসন্ধান ও দায়িত্বশীলতার পেশা। একটি ভুল তথ্যও কারও জীবনে বড় ধরনের বিপর্যয় আনতে পারে, তাই সাংবাদিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি জুলাই আন্দোলনে সাংবাদিক সমিতির সাহসী ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি একরামুল হক খুবিসাসের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন। এরপর দাপ্তরিক দায়িত্ব হস্তান্তরের পর্বে তিনি এবং বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে ফাইল হস্তান্তর করেন।
নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন তাঁর বক্তব্যে বলেন, “খুবিসাসকে একটি সৃজনশীল ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্য এবং সাংবাদিক সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচন শেষে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন কমিটির সদস্যরা।
জাহিদা সুলতানা রিমা, খুলনা 

























