সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (১৯) নামে এক মাদকাসক্ত সন্তানের লাঠির আঘাতে তার বাবা সেলিম মিয়া (৪৭) মারা গেছেন। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে ছেলের লাঠির আঘাতে মা জান্নাতী খাতুনও গুরুতর আহত হন।
পরে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান। বৃহস্পতিবার (১ মে) উপজেলার চরাঞ্চলের চরগিরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেলিম মিয়ার সঙ্গে নেশার টাকা নিয়ে জাহাঙ্গীরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে রাগান্বিত হয়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে সেলিম মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত সেলিমের ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, জাহাঙ্গীর মাদকাসক্ত। মাদক কেনার টাকা না দিলেই বাবার সঙ্গে সে দুর্ব্যবহার করতো। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে মাঝেমধ্যেই কথা কাটাকাটিও হতো। বৃহস্পতিবার সকালেও তাদের কথা কাটাকাটি হয়। এসময় জাহাঙ্গীরের পক্ষ নিয়ে এগিয়ে আসে আমার চাচাতো ভাই মৃত আসমত প্রধানের দুই ছেলে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম। তারা দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত।
তিনি বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে সেলিম তার বাবার মাথায় আঘাত করে। এসময় ভাবি (জান্নাতী খাতুন) ভাইকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে সেলিম। পরে ভাই-ভাবিকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানতে চাইলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম আমাদের মাতৃভূমিকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 



















