চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার নগদ অর্থসহ ১৯টি চুরি, ছিনতাই, মারামারি মামলার আসামী আরিফুল ইসলাম ওরফে ভটা চোরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভটা চোরের বাড়ি থেকে ১১ আনা ৭ রতির দুই জোড়া কানের দুল, ২ আনা ৫ রতি ওজনের একটি আংটি, এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা ও তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা উদ্বার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ওরফে ভটা চোর (৩০) সদর উপজেলার লক্ষীপুর মাস্টারপাড়া গ্রামের মো. দুলালের ছেলে। এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার কেনার দায়ে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া এলাকার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে শ্রী স্বাধীন নন্দিকে (৫৩) মামলার দ্বিতীয় আসামী দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মহল্লায় মোমিনুল ইসলামের বাড়ির দোতলাড দরজা ভেঙে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পরদিন মোমিনুল ইসলাম সদর মডেল থানায় মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ভটা চোরকে গ্রেফতার করে চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্বার করা হয়েছে। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ওরফে ভটা চোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তার বিরুদ্ধে ১৯টি চুরি ছিনতাই মারামারির মামলা রয়েছে। এর আগে অনেকবার সে আটক হলেও, জামিনে বের হয়ে আবারো একই কাজ শুরু করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
সংবাদ শিরোনাম ::
স্বর্ণালংকার নগদ অর্থসহ ১৯টি চুরি-ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- ৭৩৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















