ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে রাজধানীতে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ চালু করা হয়েছে।
প্রকল্পটি ২০ এপ্রিল থেকে ৮ মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর 12 টা পর্যন্ত চালু থাকবে। পরীক্ষামূলক এই কার্যক্রম প্রথম পর্যায়ে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় নির্ধারিত জেব্রাক্রসিং দিয়ে পারাপার না করলে পথচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। একইসঙ্গে যানবাহনের চালকদের ট্রাফিক আইন মানার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচার, জনসচেতনতামূলক কার্যক্রম এবং ট্রাফিক পুলিশ, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পথচারীদের সহযোগিতায় ট্রাফিক লাইটে সবুজ সংকেত দেওয়া হবে যাতে তারা নিরাপদে রাস্তা পার হতে পারেন।
যানবাহন চালকদের উদ্দেশে জানানো হয়েছে, ট্রাফিক সিগন্যাল ও লাইট অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই পাইলট প্রকল্পটি বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার 





















