রংপুরের শঠিবাড়ী বানিজ্যিক এলাকায় সরকারি জমি দখলের মহোৎসব চলছে। মিঠাপুকুরের শঠিবাড়ী মহাবিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট, অথচ নেই কোনো বৈধতা। পতিত সরকারের প্রেতাত্মারা এখনো সক্রিয় থেকে এসব দখলযজ্ঞ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এদের পেছনে প্রশাসনেরই একাংশ কাজ করছে, যারা জনগণের সম্পত্তি রক্ষার বদলে দখলদারদের সহযোগিতা করছে।
সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঠিবাড়ী মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় বিষয়টি তার নজরে থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি বরং দোকান নির্মাণের অনুমোদন দিয়ে দখলদারদের পক্ষেই ভূমিকা রেখেছেন। ফলে কলেজের মূল্যবান সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ।
শুধু মহাবিদ্যালয়ের জায়গা নয়, বৈরাগীগঞ্জ শাহ আমানত তেলপাম্প সংলগ্ন পুকুরও দখলের শিকার। মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে একটি চক্র এই পুকুর দখল করে দোকান নির্মাণ করছে। স্থানীয়রা বলছেন, বর্তমান ইজারাদারের যোগসাজশেই দখল প্রক্রিয়া চলছে।
এভাবে মিঠাপুকুরের ভাংনি মাটিয়া খোল বিলের অধিকাংশ জলাশয়ের ভূমি কৃষি জমিতে রূপান্তর, রাষ্ট্রীয় দুর্বল আইন ব্যবহার করে খাজনা খারিজ প এখন তারা মালিক। এদিকে বিভিন্ন জলাশয় প্রভাবশালী মহলের দখলে চলে গেছে। লিজ নেওয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে এক শ্রেণির লোক সরকারি সম্পত্তিকে ব্যক্তিমালিকানায় রূপান্তর করছে। উপজেলা প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না।
সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, জনগণের সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে—কিন্তু প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জনগণ জানতে চায়, এসব অবৈধ দখলের দায় কে নেবে? কেনই বা উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে মিঠাপুকুর থানা হতে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 
























