নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। হান্নান মাসউদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির কর্মী-সমর্থকেরা।
হান্নান মাসউদের প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ গণমাধ্যমকে বলেন, গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন। আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হামলা চালান। তাদের হামলায় মো. তুহিনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বলেন, জাহাজমারায় কারা কী করেছে, তার কিছুই জানেন না তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, হান্নান মাসউদের পথসভায় হামলার খবর তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে এনসিপি নেতা মাসউদের পথসভায় হামলা আহত ৫
-
বি. চৌধুরী তুহিন নোয়াখালী ব্যুরো চিফ - আপডেট সময় ১০:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- ৮০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























