বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) ঈদুল ফিতর উপলক্ষে ১৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আজ (২৫ মার্চ) শেষ কর্মদিবসের পর থেকেই এই ছুটি কার্যকর হবে, যা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নানা আয়োজন ও গুরুত্বপূর্ণ আলোচনা। ২১ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে দেশি-বিদেশি মেরিটাইম-বিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পহেলা বৈশাখ উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, পিঠা উৎসব ও শিক্ষার্থীদের স্টল দেওয়ার ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শহিদ মোয়াজ্জেম হল। এদিকে আগামী ৪ মে শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নবাগত শিক্ষার্থীদের জন্য পরিচিতিমূলক সেশন ও দিকনির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া ছুটি শেষে শিক্ষার্থীদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে। দীর্ঘদিন ধরে আলোচিত মেরিটাইম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (মাকসু) গঠনের বিষয়ে আলোচনা শুরু হতে পারে। পাশাপাশি, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেমিস্টার ফি কমানোর বিষয়েও ১৩ এপ্রিল আলোচনা হতে পারে, যেখানে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ছুটির পর নানা আয়োজন ও গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন উদ্দীপনায় ক্যাম্পাসে ফিরবে বলে আশা করা যাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
১৭ দিনের ঈদ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
-
মোঃ সামিউল ইসলাম প্রমি, বিএমইউ প্রতিনিধি - আপডেট সময় ০৪:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- ৬৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























