২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা তীব্র হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ১,১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১,০৭,৬৮৫ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন।
বিভিন্ন ইউনিটে আবেদনকারীদের সংখ্যা ভিন্নভাবে বণ্টিত হয়েছে। এ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ৩১৯টি আসনের বিপরীতে ৪১,১৭৯টি আবেদন জমা পড়েছে। বি ইউনিটে (জীববিজ্ঞান) ২৮১টি আসনের জন্য লড়বেন ২৭,৯১৯ জন। সি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা) ৪১৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪,৪৩৯টি। আর ডি ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন) ৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪,১৪৮ জন শিক্ষার্থী।
ভর্তি আবেদন শুরু হয়েছিল ১০ জানুয়ারি, যা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলার পর পরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এবছর খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে। ১৭ এপ্রিল সি ও ডি ইউনিট এবং ১৮ এপ্রিল এ ও বি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
জাহিদা সুলতানা রিমা, খুলনা 






















