বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবীতে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার মুজাহিদপুর গ্রামের মুরশেদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় নারী শিশুসহ ৮ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন গিয়ে জানা গেছে, মুরশেদুর রহমানের ইতালী প্রবাসী ছেলে মেয়েরা সম্প্রতি বাড়িতে এসে নতুন ঘর নির্মাণ শুরু করলে পিচ্চি হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় গত ২ ফেব্রুয়ারী রাতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর, নগদ ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্নালংকার, মোবাইল সেট সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে সালেহা বেগম, শাহনাজ আক্তার, রোকসানা আক্তার, তাসলিমা আক্তার, শাহ পরান, সুমাইয়া আক্তার সহ ৮ জনকে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইটালী প্রবাসী শাহ পরান বাদী হয়ে হামলাকারী পিচ্চি হাসান ও তার ভাই এমামসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দিলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রবাসী শাহ পরান জানান, আমরা প্রবাসে থাকি, এতো কিছু বুঝিনা। বাড়ি করতে হলে তাদরকে নাকি ৫ লাখ টাকা দিতে হবে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত পিচ্চি হাসান ও এমামকে এলাকায় পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























