খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান জিতুসহ চারজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন—জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন এবং সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আজ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে।
অন্যদিকে, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে সে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে ৯টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
জাহিদা সুলতানা রিমা, খুলনা 

























