নিজের ঘরে রাখা বস্তার মধ্যে হাত দিলেই হাতের আঙ্গুলে ছোবল মারে বিষধর সাপ। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেফার করেন চাঁদপুর সদর হাসপাতালে। তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরুন নাহার (৫২) নামে ওই নারী।
ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের কৈয়ারপুল এলাকার তালুকদার বাড়িতে। তিনি এ বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। মৃত নারী তিন পুত্র সন্তানের জননী।
নুরুন নাহারের ভাতিজি বউ পারভিন আক্তার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাচির ডাকচিৎকারে আমরা বাড়ির সবাই দৌড়ে তার ঘরে আসি। এসে চাচির মুখে শুনে ও কিছুটা ধারণা করে তার হাতে বাঁধ দেই। এরপর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পারভিন আক্তার আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে দেখে বলেছেন এটা কোনো বিষধর সাপের কামড়, আর ছোট স্ট্রোক করেছেন তিনি। তাই ডাক্তাররা তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথেই আন্টি মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না, তাই আমরা রোগীকে চাঁদপুর আড়াইশ শয্যা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে রেফার করে দেই।
স্টাফ রিপোর্ট: মোহাম্মদ ইসমাঈল হোসেন 
























