মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিজিবি ও বিএসএফএর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ, মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় স্থলবন্দরের শূন্য রেখায় বিজিবির ৬০ ব্যাটেলিয়ানের উদ্যোগে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা হিসেবে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল, ফল ও মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় বিএসএফএর পক্ষ থেকেও বিজিবিকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো.শরীফুল ইসলাম মেরাজ ও ৬০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ এবং বিএসএফএর ৪২ ব্যাটেলিয়ানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিজিবি বিএসএফএর যৌথ প্যারেড উপভোগ করতে সীমান্তের দুইপাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।
এরপর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ সাংবাদিকদের বলেন, আমাদের দুই বাহিনীর মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্ক বজায় রাখছি। আমাদের মধ্যে সমন্বয় ও বুঝাপড়া অত্যন্ত সুন্দর। যার ফলে কুমিল্লা অঞ্চলে সীমান্ত হত্যা একেবারে শূন্য।
শাহাগীর মৃধা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। 





















