রাজধানীর সবুজবাগ এলাকায় মো. আলম (৪৮) নামের এক ট্রাকচালককে ট্রাক থেকে নামিয়ে মারধরের পর গুলি করেছে দুর্বৃত্তরা। তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের মালিক গোলাম ফারুক জানান, আমুলিয়া এলাকায় জমি ভরাটের জন্য মালিবাগ থেকে মাটি নিয়ে যাওয়ার সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফারুক বলেন, বাইকদিয়া এলাকায় রাস্তায় তাদের ট্রাকে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করা হয়। এতে সামনের কাঁচ ভেঙে যায়। এ সময় ট্রাক থামলে তাদের নামতে বলে দুর্বৃত্তরা। তিনি ও ট্রাকের চালক নেমে দৌড় দিলে সন্ত্রাসীরা দৌড়ে চালক আলমকে ধরে ফেলে। এ সময় তাকে মারধরের পর আলম মাটিতে পড়ে গেলে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
তিনি বলেন, আমাকেও গুলি করে তারা। কিন্তু গুলি আমার গায়ে লাগেনি। কেন তাদের ট্রাক আটকে এভাবে হামলা ও গুলি করা হলো তার কারণ জানেন না তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ ট্রাকচালক আলম এখন শঙ্কামুক্ত।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























