চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় র্যালি পরবর্তী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এককভাবে কোন প্রতিষ্ঠানের পক্ষে উন্নয়ন করা সম্ভব না। সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে জনগনের সেবার মান নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে স্হানীয় সরকার কাজ করলে দেশের অনেক উন্নয়ন করা সম্ভব। তাহলেই স্মার্ট বাংলাদেশের গতিকে আরও তরান্বিত করবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে আরো গতিশীল করার জন্য সকলের প্রচেষ্টায় যেন দেশের উন্নয়ন এগিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি (কামরুজ্জামান চাঁদ) ২৭-০২-২৪ : 























