রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামে গৃহবধূ রোজিনা আক্তার আরজিনাকে (৩০) হত্যার ঘটনায় জড়িত মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা পুলিশ।
গ্রেফতার শিহাব শেখ পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে। তিনি এলাকায় মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।
নিহত রোজিনা আক্তার আরজিনা পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোজিনার স্বামী দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল (১২) ও মেয়ে রাকাকে (৬) নিয়ে পাংশার পাট্টায় তার স্বামীর বাড়িতে থাকতেন। রোজিনা তার ছেলেকে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তার স্বামীর বাড়িতে ঘুমিয়ে পড়েন এবং তার মেয়ে অন্য বাড়িতে দাদা-দাদির কাছে ছিল। অজ্ঞাতনামা আসামিরা রাত ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৬টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে রোজিনাকে হত্যা করে পাট্টা এলাকার ওসমান মোল্লার বাঁশ বাগানে ফেলে রেখে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোজিনার বাবা আবজাল খাঁ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তদন্ত শুরু করে এবং ২৩ ফেব্রুয়ারি দিনগত রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. শিহাব শেখকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রোজিনার সঙ্গে তার দুবাই প্রবাসী স্বামী লিটন শেখের পারিবারিক কলহ ছিল। এছাড়াও রোজিনার স্বামীর একাধিক পরকীয়া ছিল। এ বিষয়টি রোজিনা জানার পর তাদের মধ্যে আরও ঝামেলা শুরু হয়। মাঝে মধ্যেই লিটন শেখ তার স্ত্রী রোজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে রোজিনা তার ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়িতেও গিয়েছিলেন। পরে রোজিনা তার স্বামীর বাড়িতে আবার ফিরে আসেন। এরপর লিটন শেখ দুবাই চলে যান। তিনি দুবাইতে গিয়ে তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। লিটন তার স্ত্রী রোজিনাকে হত্যা করার জন্য স্থানীয় শিহাব শেখ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকার বিনিময়ে ভাড়া করেন। শিহাব লিটনের কাছ থেকে দুই লাখ টাকা নেন। পরে তিনি ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোজিনাকে সুকৌশলে তার বাড়ি থেকে বের করে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ও গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে মরদেহ বাঁশ বাগানে ফেলে রেখে পালিয়ে যান।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিহাব নামে এক আসামিকে তথ্য প্রযুক্তির সহাযতায় গ্রেফতার করা হয়েছে। তিনি দুই লাখ টাকার বিনিময়ে রোজিনাকে হত্যা করেন। তাকে আজ (২৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
হেলাল উদ্দিন সরদার, রাজবাড়ী প্রতিনিধি : 























