গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান রাব্বি। সে দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ডের বানিন্দা জামাল মাঝির ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ফুটবল খেলার সময় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দৌলতখান উত্তর বাজার এলাকায় রাব্বির ছোট ভাই রাজিবকে আটকে মারধর করে স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান মাহিমের নেতৃত্বে ১০/১২ জন।
খবর পেয়ে ভাইকে রক্ষা করতে ছুটে আসলে মাহিম লোহার রড দিয়ে রাব্বির মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে রাব্বিকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখান থেকে রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাব্বির মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই রাজিব অভিযোগ করে বলেন, প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও মৃত্যুর আগ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মৃত্যুর খবর পেয়ে সব আসামি এখন গা ঢাকা দিয়েছে।
এদিকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাহিমের বাবা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
দৌলতখান প্রতিনিধিঃ কামরুল 























