চুয়াডাঙ্গা জীবননগর উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে দূর্ঘটনা এড়াতে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথলীর তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে স্থানীয় এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় এ ফাটল দেখতে পান।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিরে গেছে। এটাকে ক্রাক বলা হয়। মেরামতের কাজ চলমান। স্থানীয়রা বিষয়টি দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে এই লাইন থেকে এখন ১০ কি.মি বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে। নাশকতার ঘটনা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নাশকতার কোন ঘটনা না।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের উপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।






















