কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে একটি ধানখেত থেকে হাসিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা বেগম ওই এলাকার মো. আবুল কালামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি জগতপুর গ্রামে। হাসিনার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন রোববার দুপুরে ছাতিয়ানী পশ্চিমপাড়ার একটি ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন এক পথচারী। এলাকাবাসীর দাবি, শনিবার সকালে স্বামীর সঙ্গে হাসিনার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
ওসি মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারভেজ আলম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 


















