রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে জেলা পরিষদের প্রায় ৫০ লাখ টাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের তথ্য গোপন করায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাইনীমুখ বাজারে পাবলিক টয়লেটের সেপটিক ট্যাংক, দোকান প্লট ও সিঁড়ি নির্মাণে জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্স’। প্রতিষ্ঠানটির পক্ষে মাঠপর্যায়ে কাজটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি।
ব্যবসায়ীদের অভিযোগ, শুরু থেকেই ওই কাজে নিম্নমানের কংক্রিট ও স্থানীয় (লোকাল) বালু ব্যবহার করা হচ্ছে। বাজার কমিটির পক্ষ থেকে কাজের বিবরণ ও শিডিউল দেখতে চাওয়া হলে গিয়াস উদ্দিন নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
মাইনীমুখ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম বলেন, বাজারের দায়িত্বে থাকা সত্ত্বেও আমাদের সম্পূর্ণ অগোচরে এভাবে নিম্নমানের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
বাজারের ব্যবসায়ী হালিম অভিযোগ করে বলেন, গিয়াস উদ্দিনের কাছে অসংখ্যবার কাজের ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) দেখতে চাওয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে আমাদের ঘোরাচ্ছেন। মূলত ৫০ লাখ টাকার কাজ নামমাত্র ১০ লাখ টাকার মধ্যে শেষ করে বাকি অর্থ আত্মসাতের পাঁয়তারা চলছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের তদারককারী গিয়াস উদ্দিন ওয়ার্ক অর্ডার ‘অফিস থেকে নিয়ে দেবেন’ বলে এড়িয়ে যান। এমনকি প্রকল্পটির প্রকৃত বরাদ্দ কত টাকা, সে বিষয়েও তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। পাশাপাশি, এসব অনিয়মের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গেলে তিনি সাংবাদিকদের নানাভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উন্নয়নকাজে এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ বাজার ব্যবসায়ীরা অতি দ্রুত সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 


















