ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত তাঁর কার্যালয়ে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। এ সময় ভবনটির সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
এদিকে, ডিএনসিসি প্রশাসকের দাবি, তাঁর কার্যালয়ের পাশে দুটি বড় পোশাক কারখানা রয়েছে। সেসব কারখানার শ্রমিকেরাই এ অরাজকতা করেছেন। বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বিরোধের একপর্যায়ে শ্রমিকেরা তাঁর কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
নিজস্ব প্রতিবেদক 





















