শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিতে চাই।
মন্ত্রী বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। গত কয়েক দিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে, সেখানে কোনো শ্রমিক ভাই-বোন ছিলেন না। ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি চান, তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।’
তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তাঁরা চাইলে আজকেই এন্ট্রি নিতে পারেন। তাঁদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তাঁরা তাঁদের পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন।
নিজস্ব প্রতিবেদক 





















