মৌলভীবাজারের বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা এবং জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বড়লেখা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।
সভায় জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুর রহমান পাভেল, বড়লেখা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাইমা নাদিয়া, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তারিক হাসান।
এ ছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক সাদিয়া নাইমা হোসেন এবং কাঁঠালতলী এলাকার ব্যাংক কর্মকর্তা অলিকা দাস।
সভায় মৌলভীবাজার জেলা বারের আইনজীবী, জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বড়লেখা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি রুয়েল কামাল, সহসাধারণ সম্পাদক এবং চ্যানেল এস ও দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টিভির প্রতিনিধি আলী উবায়েদ ইমনসহ অনেকে।
সভায় অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা, আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 


















