লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ জন, ধর্ষণচেষ্টা মামলার ১ জন এবং মাদক মামলার ১ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) কঠোর পুলিশি নিরাপত্তা ও বিশেষ এসকর্টের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের লালমনিরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পাটগ্রাম থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্ষণচেষ্টা মামলার ১ জন এবং মাদক মামলার আরও ১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাটগ্রামকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মো. মিজানুর রহমান-লালমনিরহাট জেলা প্রতিনিধি 




















