কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দ করা শাড়িগুলো বিধিমোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















