মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল গ্রামের শুভ্র দেবনাথ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। শুভ্র দেবনাথ বর্তমানে বিসিএস পরীক্ষায় তাঁর সফলতা নিয়ে একটি অজানা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি বড়লেখা উপজেলার অধীনস্থ ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল গ্রামের বাসিন্দা।
সম্প্রতি তিনি পিএসসি কর্তৃক আয়োজিত ৪৫তম, ৪৬তম ও ৪৮তম (স্পেশাল) বিসিএস পরীক্ষায় তিনবার সুপারিশপ্রাপ্ত হন। তন্মধ্যে ৪৮তম ও ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার এবং ৪৬তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তবে, একাধিক সুপারিশ পেয়েও ৪৫তম ও ৪৮তম বিসিএসে তিনি গেজেটভুক্ত হননি। এই বিষয়টি নিয়ে তাঁর পরিবার হতাশার মধ্যে দিন যাপন করছে।
শুভ্রর পিতামাতা দুজনই শিক্ষক। মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা এই শুভ্রকে এই অবস্থানে নিয়ে আসতে তাঁর পরিবারকে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হয়েছে। যদিও তাঁদের পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নন, পাশাপাশি তাঁদের পরিবারের কারও নামে কোনো ফৌজদারি মামলা এবং রাষ্ট্রদ্রোহিতার কোনো প্রমাণ নেই, তবুও বর্তমান পরিস্থিতিতে শুভ্রর চাকরি প্রাপ্তির ব্যাপারে তাঁরা বেশ শঙ্কিত। বিভিন্ন সূত্রে জানা যায়, পুলিশের কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বেচ্ছাচারিতার কারণে আজ তাঁর এই অবস্থা, যার কারণ তাঁদের কাছে অজানা।
গত সপ্তাহে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর এই বিষয়ে আশ্বাসও শুভ্রর হতাশা কাটাতে পারেনি।
শুভ্রর এই অনিশ্চয়তার কারণে তাঁর পরিবারের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। আসন্ন ৪৬তম বিসিএসের গেজেট নিয়েও তাঁদের পরিবারের মধ্যে এক বিষণ্নতার ঝড় বইছে।
সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুভ্রর এই কঠিন পরিস্থিতিতে সমর্থন ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই প্রতিকূলতা অতিক্রম করে শুভ্র সঠিক ও ন্যায্য সমাধান পাবেন।
আমাদের আবেদন, শুভ্র দেবনাথের বর্তমান পরিস্থিতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুক এবং তিনি যেন তাঁর যোগ্যতা অনুযায়ী মর্যাদাপূর্ণ চাকরি লাভ করতে পারেন।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 
























