পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে ব্যক্তিগত নানা ইস্যুতে বেশি আলোচনায় থাকেন তিনি। কিছুদিন পরপরই কোনো না কোনো প্রসঙ্গে খবরের শিরোনামে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন ভুয়া এআই ভিডিওর সূত্রে।
এআই দিয়ে কেউ তাঁর ‘আপত্তিকর’ ভিডিও তৈরি করে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল।
পরে পরীমনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেও কথা বলেছেন তিনি।
ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় অনেকেই পরীমনির সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জীবনে বারবার নানা ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরীমনি। তাঁর ভাষ্য, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়ে লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’
বিনোদন ডেস্ক 
























