মো. ইকবাল হোসেন খাঁ সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. ইকবাল হোসেন খাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রি অর্জন করেন।
বিআরসি নিয়োগের মাধ্যমে ১৯৯৮ সালে তিনি রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং এবং মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ উল্লেখযোগ্য।
দেশে-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি। রূপালী ক্রেডিট ম্যানুয়াল-২০১৩, রূপালী ক্রেডিট পলিসি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং রূপালী লোন রিভিউ পলিসি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মো. ইকবাল হোসেন খাঁ ১৯৭০ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মো. আরিফুল ইসলাম মুরাদ-সিনিয়র সাংবাদিক 




















