লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের বিশেষ উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে সরেজমিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান পূজামণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব এখন আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। উৎসবটি যেন সবাই নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।”
এ সময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুর জামান, সার্কেল কর্মকর্তা শামসুল হক, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপে আর্থিক অনুদান ও নতুন শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় আয়োজক কমিটির সদস্য ও সুবিধাভোগীরা। তাঁরা হুইপ আশরাফ উদ্দিন নিজানের এ সম্প্রীতিমূলক উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো. নুর হোসেন-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 





















