স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজার মূল শিক্ষা হলো অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠা করা। এই উৎসব থেকে সেই শিক্ষা গ্রহণের পাশাপাশি নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য বজায় রাখতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজা অন্যায় ও অশুভ শক্তিকে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে না পারলে উৎসবের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না।
নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বিশেষ করে পাটশিল্পের কারণে একসময় সারা দেশে নারায়ণগঞ্জের বিশেষ পরিচিতি ছিল। এই ঐতিহ্যের পাশাপাশি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও নারায়ণগঞ্জের অন্যতম বৈশিষ্ট্য। সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা ভবিষ্যতেও বজায় রাখতে হবে।
এ সময় তিনি পূজা আয়োজনের সঙ্গে যুক্ত মন্দির ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সপ্তমীর সন্ধ্যায় উপস্থিত সবার প্রতি শুভকামনা জানিয়ে শান্তিপূর্ণ ও সফল দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 


















