টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পাইকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খানের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির চতুর্থ ধাপে প্রথমে ইউনিয়নের ৬৫ নম্বর হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে ১১৪ নম্বর দক্ষিণ হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কাঁঠাল, আমড়া, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাইকড়া ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
পাইকড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৫ নম্বর হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ১১৪ নম্বর দক্ষিণ হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রশিদ শিকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, পাইকড়া ইউনিয়ন জাসাসের সভাপতি সামাদ শিকদার, কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আলম মিয়া এবং পাইকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মজনু তালুকদার।
এ ছাড়া পাইকড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম খান বলেন, “পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালিহাতীর সংসদ সদস্য লুৎফর রহমানের দিকনির্দেশনায় নিজস্ব অর্থায়নে পাইকড়া ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি পালন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হবে।”
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
জীবন আহমেদ রাব্বি-কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 


















