জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার ডেমরা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র ১৫ মিনিটের মধ্যে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় সাব্বির (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন ইসলামবাগ পশ্চিমপাড়া থেকে মো. লিটন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার FZ Fazer মোটরসাইকেলটি চুরি হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৭১৩।
কলার জানান, মোটরসাইকেলটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকার থেকে তিনি দেখতে পাচ্ছেন, চুরি হওয়া বাইকটি কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রামমুখী হাইওয়েতে চলাচল করছে। এ সময় তিনি মোটরসাইকেলটি উদ্ধারে ৯৯৯-এর সহায়তা চান।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা হাইওয়ে কন্ট্রোলরুমে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হারুনুর রশিদ। পরে উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ ডিসপাচার এএসআই আব্দুস শহীদ।
সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লা হাইওয়ের ওপর ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। তবে চালক ব্যারিকেড অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে হাইওয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া করে শহিদনগর এলাকায় মোটরসাইকেলটি আটক ও উদ্ধার করে। এ সময় সাব্বির নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির (২৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার আয়ুবপুর দাসকান্দি গ্রামের মানিক মিয়া স্বর্ণকারের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
৯৯৯-এর মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান এবং জিপিএস ট্র্যাকিংয়ের তথ্য কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















