কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু এবং সভা পরিচালনা করেন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার শিথিল, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সৈকত হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ পিলু, মহানগরের যুগ্ম আহ্বায়ক শেখ খসরু, সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, আরিফ হোসেন, মামুন ফরাজীসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর 






















