বাগেরহাটের রামপালে জমি-জায়গা-সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত শেখ আহাদ আহামেদ ইতু ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। আহতরা হলেন—নিহতের বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।
সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ইতুসহ তাঁর বাবা ও মা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত ঘোষণা করেন।
আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নাজমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রামপাল থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
শেখ সাগর আহমেদ (রামপাল প্রতিনিধি) 


















