রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের ক্ষেত্রে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাম্মদ আব্দুল মাবুদ-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর রেঞ্জের আওতাধীন ৮টি জেলার আগস্ট ২০২৬ মাসের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত কার্যক্রম ও পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় সার্বিক কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ঠাকুরগাঁও জেলা পুলিশ নির্বাচিত হয়।
শ্রেষ্ঠ জেলার এই গৌরবময় স্বীকৃতিস্বরূপ ডিআইজি, রংপুর রেঞ্জ মোহাম্মদ আব্দুল মাবুদ-এর কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
এ অর্জন ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন। এই স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ ভবিষ্যতেও জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।
মোঃ ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী 





















