কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা ও একটি পুরাতন এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদ আলম পাটোয়ারীসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পুরাতন এক্স-নোহা গাড়ি চেকপোস্টের কাছাকাছি এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
জব্দ করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর *চট্ট মেট্টো-চ-৫১-১২২৪*।
আটক দুজন হলেন—নীলফামারীর জলঢাকা থানার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেট মহানগরের কোতোয়ালি থানার গাশিটোলা লামাপাড়া এলাকার ফরহাদ হোসেন প্রকাশ রাহাত (৩০)।
পুলিশ আরও জানায়, আটক তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















