পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তি সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীকে একটি সম্পূরক প্রশ্ন করেন। প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘সম্প্রতি মক্কা প্যাক্ট গঠন করা হয়েছে। সেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার কথা চলছে। সংযুক্ত হলে বাংলাদেশ কীভাবে উপকার পাবে?’
জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘মক্কা প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এখনো যোগদানের বিষয় সামনে আসে নাই। বাংলাদেশের সংযুক্তর বিষয়টি মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্র সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ওপর নির্ভর করছে। তারা যদি চায় আমরা যুক্ত হতে পারব।’ তিনি আরও বলেন, এই প্যাক্ট বিস্তৃত হলে তা বিশ্বের মুসলিম সদস্য দেশগুলোর জন্য উপকার বয়ে আনবে এবং এটা নিয়ে কারো মাথা ব্যথার কোনো কারণ নেই।
এর আগে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের অধিবেশন।
নিজস্ব প্রতিবেদক 





















