দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত দুই কমিশনারের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা এক আদেশে কমিশনারদের দায়িত্ব নির্ধারণ করা হয়।
আদেশ অনুযায়ী, কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খানকে তদন্ত, সাক্ষ্য-স্মারক, তদন্ত প্রতিবেদনসহ যাবতীয় মামলা পরিচালনা, আপিল মামলা এবং ফাঁদ মামলা সংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে দুদকের তফসিলভুক্ত অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই, অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত পর্যন্ত যাবতীয় কার্যক্রম এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা, অবরুদ্ধকরণ ও ক্রোকসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক আইন, ২০০৪-এর ধারা ১২(২)-এর বিধান অনুসারে নবনিযুক্ত দুই কমিশনারের মধ্যে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৯ আগস্ট দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দায়িত্বে যোগ দেন। গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।
কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৬৩ সালের ৬ জুলাই মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে আইনেপিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৮ চাকরিতে যোগদান করে ম্যাজিস্ট্রেট ও পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি ২০১০ সাল থেকে বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আইনের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনে যোগদানের অব্যবহিত পূর্বে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ আইনের অধ্যাপক, আইন মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পে লিগাল ইক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৫ অক্টোবর ১৯৬৩ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে বি.কম এবং এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এবি ব্যাংকের প্রবেশনারি অফিসার ছিলেন। এছাড়াও তিনি হিসেবে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং বিভাগ, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ ও আইবিএ এর খন্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি ফিন্যান্স, বাণিজ্য, ক্যাশ ফ্লো, মার্জার এন্ড একুইজিশন, সম্পদ ও দায় মূল্যায়ন, ট্রান্সফার প্রাইসিং, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিষয়ে অভিজ্ঞ।
নিজস্ব প্রতিবেদক 






















