ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত করতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন- এমন বক্তব্য হাস্যকর।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 



















